জয়পুরহাট সদর উপজেলার বেলআমলা গ্রামে নেশার টাকা না পেয়ে স্বামী অনুকুল চন্দ্র মহন্ত (৩৫) তার স্ত্রী মণিকা রানী মহন্ত (২৬) কে পিটিয়ে আহত করার পর শ্বাসরোধ করে হত্যা করেছেন। সেইসাথে একমাত্র সন্তান অপূর্ব মহন্ত (৫) কে নিয়ে পলাতক রয়েছে স্বামী।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বেলআমলা গ্রামের হরেন চন্দ্র মহন্তের ছেলে রাজমিস্ত্রী অনুকুল চন্দ্র মহন্তের সাথে পারিবারিক ভাবে যৌতুক প্রদান করে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কৃত্তিপুরগ্রামে পঞ্চমহন্তের মেয়ের সাথে ৮ বছর আগে বিয়ে হয়। বিয়েতে যৌতুক দেওয়ার পরও প্রায়ই প্রতিদিনই স্বামী অনুকুল স্ত্রীকে টাকার জন্য চাপ দিত ও মারধোর করত। সন্তানের সুখের আশায় গরীব দিনমজুর মণিকার বাবা এরই মধ্যে কয়েকবার ধার-দেনা করে টাকা দেন। এরই মধ্যে স্বামী অনুকুল নেশা ও জুয়া খেলায় আসক্ত হয়ে পড়লে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতনের বিষয় নিয়ে বেশ কয়েকবার পারিবারিকভাবে বৈঠক করে মিমাংসা করে দেন এলাকাবাসী।
মোহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে অনুকূলের বাবা হরেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার মেয়ের বাসায় বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকায় অনুকূল তার স্ত্রী মনিকা রানীকে পিটিয়ে আহত করার পর শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে একমাত্র ছেলেকে নিয়ে পালিয়ে যায়। অনুকূল প্রতিদিনই জুয়া খেলত ও নেশা করে স্ত্রী মণিকাকে মারধর করত। জুয়া ও নেশার টাকা জোগাড় করতে বেশ কিছু ধার-দেনা হয়ে যায়। পাওনাদারদের চাপে টাকা পরিশোধ করতে কয়েকদিন আগে স্ত্রী মণিকা স্থানীয় একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ তোলে। ঋণ তোলা টাকা থেকে ২ হাজার টাকা চায় জুয়া খেলা ও নেশা করার জন্য। এই টাকা না দেওয়াতেই এই হত্যাকান্ড ঘটানো হয়।
অনুকূলের বাবা হরেন চন্দ্র মহন্ত বলেন, নবান্নের জন্য মেয়ের বাড়ি মঙ্গলবাড়িতে স্ত্রীসহ যায়। সকালে বাড়ীতে এসে দরজা খোলা দেখতে পেয়ে ডাকাডাকি করে ঘরের ভিতর প্রবেশ করলে ছেলের বউকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে।
এলাকাবাসী সুদেব মহন্ত, তারাজুল জানান, মণিকা মহন্তের শান্তশিষ্ট মহিলা ছিলেন। তার স্বামী ছিল নেশাখোর। প্রতিদিন নেশা খেয়ে ও জুয়া খেলে এসে তার স্ত্রী মণিকা রানীকে নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে অনেকবার পারিবারিক ভাবে বৈঠক করে মিমাংসা করে দেন এলাকাবাসী।
মণিকা রানী মহন্তের মা ছবি রাণী বলেন, নির্যাতনের কারণে মেয়ে একমাস আগে আমার বাড়িতে গেলে আর স্বামীর বাড়িতে পাঠাবো না বলে স্থির করি। জামাই বিভিন্ন জনকে ধরে আবার বাড়িতে নিয়ে আসে। তাদের অনুরোধে মেয়ে তার স্বামীর বাড়িতে পাঠাতে সম্মত হই। এসময় মা মেয়ে হত্যার বিচার চান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর স্বামী তার সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। স্বামী অনুকুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে।